যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মো. মারুফ (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইদুলের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে কুম্বারপাড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস মারুফকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুল বলেন, শিশুটির মাথায় গুরুতর আঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে রেফার করা হয়।
নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আজিজ বলেন, উন্নত চিকিৎসার জন্য মারুফকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম