যোগফল প্রতিবেদক:
বয়স ৪১ ছুঁয়েছে, তবু গোলের ক্ষুধায় এতটুকু ভাটা নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে আবারও জ্বলে উঠলেন পর্তুগিজ এই তারকা। আল তাওয়ুনের বিপক্ষে জয়সূচক গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন নতুন ক্লাব রেকর্ড।
শুক্রবার রাতে আল তাওয়ুনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আর সেই গোলেই আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের মালিক হয়ে গেলেন তিনি।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা এখন ১০৪। এর আগে ক্লাবটির হয়ে লিগে সর্বোচ্চ ১০৩ গোলের রেকর্ডটি ছিল মোহাম্মদ আল সাহলাউইর দখলে। আল তাওয়ুনের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন রোনালদো।
রেকর্ডের রাতটি অবশ্য আল নাসরের জন্য সহজ ছিল না। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আল তাওয়ুন। দলের হয়ে গোল করেন বাসেম মোহাম্মদ আলহুরাইজি।
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে পিছিয়ে থাকলেও বিরতির ঠিক আগে সমতায় ফেরে আল নাসর। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রোনালদোর স্বদেশি সামু কস্তা গোল করে ম্যাচে ফেরান দলকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০ মিনিটে আসে রোনালদোর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।
এই জয়ে সৌদি প্রো লিগে টানা চতুর্থ জয় পেল আল নাসর।
এদিকে আল তাওয়ুনের বিপক্ষে গোলটি ছিল চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর দ্বিতীয় গোল। এর আগে আল রিয়াদের বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে পেশাদার ফুটবলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮। অর্থাৎ পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন আর মাত্র ২২ গোল প্রয়োজন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকার।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম