প্রিন্টিং তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬প্রকাশের তারিখ: ৭ আগস্ট ২০২৬
দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা
প্রতীকী ‘৩৬ জুলাই’ বা ৫ আগস্ট উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, “আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...”
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক নেটিজেনও পোস্টটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। ফলে অল্প সময়েই বিষয়টি অনলাইনে আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। ওই চরিত্রে অভিনয়ের পর অনেকেই তাকে ‘পর্দার বঙ্গমাতা’ বলে অভিহিত করেন। পরবর্তীতে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই চরিত্রে অভিনয়কে ঘিরে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনার মুখেও পড়েন তিনি।
তবে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মতামত প্রকাশ করে আসছেন এই অভিনেত্রী। ৫ আগস্ট উপলক্ষে দেওয়া তার সর্বশেষ শুভেচ্ছা বার্তাটিও প্রকাশের পর নতুন করে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে।