প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের প্রস্তুতি, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে মালয়েশিয়ার কর্মসূচি বাতিল করে মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়া থেকেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
জামায়াত আমিরের সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পেছনে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপও অন্যতম কারণ বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মালয়েশিয়ার কর্মসূচিটি বাতিল করেছেন তিনি। অস্ট্রেলিয়ার কাজ শেষ করে দেশে ফিরছেন।’
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের কারণে জামায়াত আমিরের দেশে ফেরার সিদ্ধান্ত কি না, এমন প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, ‘হ্যাঁ, এটাও একটা কারণ যে আমরা তাঁর চলে আসার প্রয়োজন অনুভব করছি।’
এ বিষয়ে আপাতত এর বেশি কিছু বলতে চাননি তিনি।
এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়া সফর শেষে বিকেলে দেশের উদ্দেশে রওনা হয়েছেন শফিকুর রহমান। স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাঁকে বিদায় জানান।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির। ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও তা বাতিল করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন শফিকুর রহমান।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন