শেখ হাসিনা তো ফাঁসিতে ঝুলতে ফিরবেন না, আগুনসন্ত্রাসীদের কী হবে: রাশেদ খাঁন
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কথিত বৈঠক এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব বিষয়ে কথা বলেন। পোস্টে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, ‘শেখ হাসিনা তো ফাঁসিতে ঝুলতে ফিরবেন না, এখন আগুনসন্ত্রাসীদের কী হবে?’
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতাকাবাহী বিমান ছাড়া দেশে ফিরতে চান না। তবে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আনতে দিল্লিতে আলাদা কোনো ফ্লাইট পাঠানো হবে না বলে সরকার জানিয়েছে।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দেশে ফেরার অনুরোধ জানিয়েছিলেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া দেওয়া হয়নি।
পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার বৈঠকের খবরকে ভিত্তিহীন দাবি করে রাশেদ খাঁন বলেন, এ ধরনের বৈঠকের কোনো সত্যতা নেই। তাঁর ভাষ্য, দলটির নেতাকর্মীদের চাঙা করার উদ্দেশ্যে এ ধরনের খবর ছড়ানো হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে রাশেদ খাঁন বলেন, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীর পাসপোর্ট বা এনআইডি পাওয়ার সুযোগ নেই বলে তিনি দাবি করেন।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে। বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, গ্রেপ্তারের পর ভারত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বাধ্য থাকবে।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, শেখ হাসিনা দেশে ফিরতে না চাইলে তাঁর বিরুদ্ধে অভিযোগে জড়িত অন্যদের কী হবে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন