খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

বাউবিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেমিনার, মানদণ্ড, প্রক্রিয়া ও প্রস্তুতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাউবিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেমিনার, মানদণ্ড, প্রক্রিয়া ও প্রস্তুতি

ছবি বাউবি

যোগফল প্রতিবেদন ।। অনলাইন 


উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাকার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘বিএসি অ্যাক্রেডিটেশন মানদণ্ড, প্রক্রিয়া ও প্রোগ্রামের প্রস্তুতি’ বিষয়ক পরিচিতি ও জ্ঞান বিনিময় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


আজ ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল ১০টায় বাউবির কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।


সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদান নয়; বরং জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও মূল্যবোধসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করা। অ্যাক্রেডিটেশনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের সীমাবদ্ধতা চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে পারে।


তিনি আরও বলেন, OBE পদ্ধতিতে শিক্ষাক্রম প্রণয়নের ক্ষেত্রে প্রোগ্রাম ও কোর্স লার্নিং আউটকামের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে। এ জন্য প্রাতিষ্ঠানিক অঙ্গীকার, সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রমাণক সংরক্ষণ জরুরি।


উন্মুক্ত ও দূরশিক্ষণভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে বাউবিকে শিক্ষাসামগ্রী, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, মূল্যায়ন ও শিক্ষার্থী সহায়তা সেবার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। অ্যাক্রেডিটেশন শুধু IQAC বা বিভাগীয় প্রধানদের দায়িত্ব নয়; এটি বিশ্ববিদ্যালয়ের সবার সম্মিলিত দায়িত্ব। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এ ক্ষেত্রে বাউবিকে প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি অ্যাক্রেডিটেশনকে অতিরিক্ত কাজ হিসেবে না দেখে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক উন্নয়নের সুযোগ হিসেবে গ্রহণের আহ্বান জানান”।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু শিক্ষার্থীসংখ্যা বা অবকাঠামো দিয়ে পরিমাপ করা যায় না; বরং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রে অবদান রাখার সক্ষমতা তৈরিই উচ্চশিক্ষার প্রকৃত সাফল্য। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কর্মজীবী ও পেশাজীবী হওয়ায় তাঁদের দক্ষতা উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা রাখছে। এ ধারাকে আরও শক্তিশালী করতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দিকনির্দেশনা ও সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার মানোন্নয়নে প্রশাসন, শিক্ষক, ডিন, আইকিউএসি এবং সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সঙ্গে নিবিড় প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তুলে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি”।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, অধ্যাপক ড. মোঃ শাহ আমরান ও অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান। বাউবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।


দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারের সঞ্চালনা করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।

সেমিনারে বিএসির অ্যাক্রেডিটেশন মানদণ্ড, মূল্যায়ন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন অর্জনে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। সেমিনারে বাউবির বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক ও বিভাগের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।

advertisement
advertisement

বেলকুচিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ছবিতে ‘স্বাগতম’ তোরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ জেলা সংবাদাদাতা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রবেশমুখে নির্মিত ‘বেলকুচিতে স্বাগতম’ তোরণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। 
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার মাইঝাইল গ্রামে এ তোরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলার প্রবেশমুখে নির্মিত দৃষ্টিনন্দন তোরণটি বেলকুচিতে আগত অতিথি ও পথচারীদের স্বাগত জানানোর পাশাপাশি উপজেলার পরিচিতি তুলে ধরবে। এর মাধ্যমে বেলকুচির সৌন্দর্য ও ঐতিহ্য আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

তোরণের ফলক থেকে জানা যায়, ‘স্বাগতম’ তোরণটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। স্থানীয়দের মতে, উপজেলার প্রবেশপথে এমন একটি তোরণ নির্মাণ বেলকুচির পরিচিতি বাড়ানোর পাশাপাশি সৌন্দর্যবর্ধনেও ভূমিকা রাখবে।

পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

ছবি যোগফল

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাইকগাছা মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাইকগাছা থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অপরাধ দমনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

এ সময় পাইকগাছা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ওসি (তদন্ত) সামছুজ্জোহা, ক্লাবের সভাপতি মো. আজিজুল ইসলাম, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন পলাশ, কোষাধ্যক্ষ এসএম শামীম আহমেদ, দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রাজু হোসেন, পাঠাগার সম্পাদক হাকিম মো. শাহাদাৎ হোসাইন, কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল ইসলাম, মো. জিনারুল ইসলাম, মো. আব্দুর রশিদ সানা এবং সাংবাদিক ভূপাল গাইন।

পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

ছবি যোগফল


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছায় পুশবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় বাংলাদেশ নৌ পুলিশ, অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির বিষয়টি শনাক্ত হলে সংশ্লিষ্ট চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও মৎস্যপণ্যের গুণগত মান বজায় রাখার স্বার্থে আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধ, নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।