মিটফোর্ড হাসপাতালে ড্যাব ও ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
দেশের বিভিন্ন হাসপাতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জাতীয়তাবাদী ছাত্রদলের মিটফোর্ড শাখা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশের বিভিন্ন হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তাঁরা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. শাহিন রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জাকারিয়া মাহমুদ, ডা. মোস্তাফিজুর রহমান রোকন, অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, ডা. তৌফিক রেজা, ডা. খলিলুর রহমান, ডা. খোরশেদ মিনহাজুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ডা. এস এম এ মাহাবুব মুন্না, ডা. ইসতিয়াক আহমদ চয়ন, ডা. মঞ্জুর রশিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডা. মেহেদী হাসান সাকিব, সাবেক সাধারণ সম্পাদক ডা. সাদবিন নেওয়াজ, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাফি, যুগ্ম আহ্বায়ক ডা. তানজিম ও মাসুম এবং সদস্য সচিব মহাথির।
এ ছাড়া কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) কেন্দ্রীয় সভানেত্রী বিলকিস জাহান চৌধুরী, মিটফোর্ড হাসপাতাল শাখার সভাপতি মাহমুদা খাতুন ও সাধারণ সম্পাদিকা সানোয়ারাসহ সংগঠনটির অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করেন।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন