খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্যামিলি কার্ডের শুমারি: বাড়িতে তথ্য সংগ্রহকারীরা এলে যেসব কাগজপত্র লাগবে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফ্যামিলি কার্ডের শুমারি: বাড়িতে তথ্য সংগ্রহকারীরা এলে যেসব কাগজপত্র লাগবে

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা সরাসরি নাগরিকদের বাড়ি, ফ্ল্যাট ও বাসস্থানে গিয়ে পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

শুমারির সময় প্রয়োজনীয় তথ্য দিতে ভোগান্তি এড়াতে নাগরিকদের আগেভাগেই নির্ধারিত কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান কর্মসূচি ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর মাস থেকে সারা দেশে পরিচালিত হচ্ছে। প্রতিটি পরিবারকে এ ডাটাবেজের আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তথ্য সংগ্রহকারীরা বাড়িতে এলে যেসব কাগজপত্র লাগবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় বাসায় আসতে পারেন। তাই তথ্য প্রদান সহজ ও নির্ভুল করতে নাগরিকদের প্রয়োজনীয় নথি ও তথ্য হাতের কাছে রাখতে হবে।

প্রস্তুত রাখতে হবে—

১. পরিচয়পত্র: পরিবারের যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সী বা যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে।

২. আর্থিক ও ব্যক্তিগত তথ্য: কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট নম্বর, পরিবারের মোট সদস্যসংখ্যা, আয়-ব্যয় এবং সম্পদের সঠিক বিবরণ দিতে হবে।

৩. ছবি ও স্বাক্ষর: আবেদনকারী নারীর ছবি এবং বসতবাড়ির ছবি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।

ফ্যামিলি কার্ড পেতে টাকা লেনদেন নয়

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র অর্থ দাবি করলে তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্ব দিয়ে সঠিক তথ্য দিয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম-খতিব এবং সুশীল সমাজের নেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম