খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

সশস্ত্র বাহিনীতে সর্বনিম্ন মূল বেতন ২১ হাজার ৪০০, সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সশস্ত্র বাহিনীতে সর্বনিম্ন মূল বেতন ২১ হাজার ৪০০, সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। নতুন বেতন কাঠামো অনুযায়ী, পর্যায়ক্রমে এই বেতন বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।

জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ জারি করা হয়। প্রকাশিত গেজেট পর্যালোচনায় দেখা গেছে, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। এতে বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০১৬ সালে জারি করা জেএসআই ০১/২০১৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো। এবারও মূলত একই পদ্ধতি অনুসরণ করে নতুন বেতন ও ভাতা কাঠামো তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার বেশি হলেও একটি মহল বেতনবৈষম্যের বিষয়টি সামনে এনে সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ‘অফিসার বনাম সৈনিক’ বৈষম্যের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তবে সংশ্লিষ্টদের দাবি, নতুন নির্দেশনায় আগের বেতন কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশেষ করে মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এতে বেতন বেড়েছে ১০২ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ বাস্তবায়ন করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে তা ৫০ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে।

এদিকে, চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন ভাতা বৃদ্ধির হার নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, নতুন কাঠামোয় সন্তোষজনক হারে ভাতা বাড়ানো হয়েছে। পাশাপাশি চারটি নতুন ভাতা সংযোজন করা হয়েছে, যা সদস্যদের আর্থিক সুবিধা বাড়াবে।

অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা করা হয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি এ বিষয়ে অভিন্ন বিভাজন পদ্ধতির সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

অন্যদিকে, হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেল, শ্রেণিবৈষম্য এবং কাঠামোগত পার্থক্য নিয়ে সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের দীর্ঘদিনের কিছু দাবি রয়েছে। এসব দাবি ও অসামঞ্জস্যতা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সমাধান হয়নি।

বেসামরিক প্রশাসনে ২০টি গ্রেডের মধ্যে কোনো কর্মচারী পদোন্নতি, সিলেকশন গ্রেড কিংবা উচ্চতর গ্রেড পেলে পরবর্তী গ্রেডের পূর্ণ ভার্টিক্যাল পে-স্কেলে প্রবেশের সুযোগ পান। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে।

তবে সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে শূন্যপদ ও কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। ফলে পদোন্নতি না পেলে একই পদে থেকে ১৯-২০টি হরাইজন্টাল ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির ধাপের ওপর নির্ভর করতে হয়। এতে দীর্ঘদিন একই পদে কর্মরত সিনিয়র সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসাররা (জেসিও) আর্থিকভাবে তুলনামূলক পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের ভার্টিক্যাল পে-স্কেলের সঙ্গে তাদের বেতন কাঠামোর সমন্বয় নেই বলে দাবি উঠেছে।

এ বিষয়ে একজন সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার কাঠামো ও কমান্ড পিরামিড বেসামরিক প্রশাসনের তুলনায় ভিন্ন। বাহিনীর শৃঙ্খলা ও কমান্ড কাঠামো বজায় রাখতে শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি না পেলেও যাতে কোনো সৈনিক বা জেসিওর বেতন স্থবির হয়ে না পড়ে, সে জন্য ১৯-২০টি বার্ষিক ইনক্রিমেন্টের ধাপ রাখা হয়েছে।

এর ফলে একজন সৈনিক একই পদে থেকেও ২১ হাজার ৪০০ টাকা থেকে পর্যায়ক্রমে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন। অন্যদিকে, অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেন পদে উন্নীত হলে মূল বেতন যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ ও ৮৫ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে।

দীর্ঘদিনের এসব অসামঞ্জস্যতা নিরসনে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল প্রবর্তনের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যমান বেতন কাঠামোর অসংগতি ও সদস্যদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের লক্ষ্যে একটি সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম