খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে দেখতে চান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমিরুল ইসলাম

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে দেখতে চান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমিরুল ইসলাম

ছবির ক্যাপশন

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ।। জেলা সংবাদদাতা
‎
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার প্রাণকেন্দ্র ও ঐতিহ্যবাহী ৭নং ওয়ার্ডকে (মুকুন্দগাঁতী) সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত একটি সুশৃঙ্খল আধুনিক মডেল ওয়ার্ডে রূপান্তরের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমিরুল ইসলাম। বিগত দিনে পৌরসভার এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটি সঠিক নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
‎​সম্প্রতি এক মতবিনিময় সভায় এলাকাবাসীর উদ্দেশে আলহাজ্ব আমিরুল ইসলাম বলেন, "মুকুন্দগাঁতী বেলকুচি পৌরসভার প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও বিগত দিনে সঠিক ও যোগ্য প্রার্থী নির্বাচিত না হওয়ায় অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়ন মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে। আমি সকলের দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারলে এই ওয়ার্ডটিকে একটি আধুনিক, উন্নত ও মডেল ওয়ার্ডে রূপান্তর করব।"
‎​এ সময় তিনি ৭নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন:
‎
‎আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশন:
‎​মুকুন্দগাঁতী বাজারের প্রাণকেন্দ্রে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা জনজীবনকে অতিষ্ঠ করে তোলে। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য তিনি একটি আধুনিক ও প্রশস্ত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দেন, যাতে দ্রুত পানি নিষ্কাশিত হতে পারে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।
‎
‎তাঁত শিল্প রক্ষা ও তাঁতিদের সুরক্ষা:
‎​ঐতিহ্যবাহী তাঁত শিল্পের আদি তীর্থস্থান বেলকুচি। অথচ চরম সুতার দাম বৃদ্ধি, পুঁজির অভাব ও বিপণন সমস্যায় এখানকার তাঁত শিল্প আজ ধ্বংসের মুখে। তাঁতিদের সুদিন ফিরিয়ে আনতে সহজ শর্তে ঋণ সহায়তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
‎
‎​মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা:
‎​আগামীর নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। ৭নং ওয়ার্ডের স্কুল ও মাদরাসাগুলোর শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়ার হার রোধ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ শিক্ষা সহায়তা চালুর মাধ্যমে একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আলহাজ্ব আমিরুল ইসলাম।
‎​সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ:
‎​ওয়ার্ডবাসীকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিতে সব ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি। সাধারণ মানুষ যেন যেকোনো সেবা পেতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এই সমাজসেবক।
‎মাদকমুক্ত সমাজ ও যুবসমাজের কর্মসংস্থান:
‎​যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানোর কথা বলেন তিনি। এছাড়া শিক্ষিত বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে তার।
‎​স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ:
‎​ওয়ার্ডের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
‎​পরিশেষে, দলমত নির্বিশেষে ৭নং ওয়ার্ডের আপামর জনসাধারণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার সামগ্রিক কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আলহাজ্ব আমিরুল ইসলাম।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল কম. 
advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম