খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

শিক্ষকদের দাবি পূরণে রাজপথে নামতে হবে না: জাতীয় সংসদের হুইপ অপু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শিক্ষকদের দাবি পূরণে রাজপথে নামতে হবে না: জাতীয় সংসদের হুইপ অপু

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে রাজপথে নামতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে পূরণ করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নবগঠিত সংগঠন ‘প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (পিট্যাব)-এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ অপু বলেন, শিক্ষকদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। আলোচনার মাধ্যমে একে একে সব দাবি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষকদের জাতির অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, একজন শিক্ষকের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। অভিভাবকেরা দিনের বড় একটি সময় সন্তানদের বিদ্যালয়ে রেখে যান। সেখানে শিক্ষকরা শিক্ষা, আদর ও স্নেহ দিয়ে তাদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলেন। এ কারণেই শিক্ষকরা জাতির অভিভাবক।

শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের যে সম্মান ও মর্যাদার চোখে দেখেন, তা ধরে রাখতে হবে। বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বেশি হওয়াকে তিনি গভীর চক্রান্ত হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা দিন দিন কমে যাওয়াকে জাতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। প্রাথমিক বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে হুইপ বলেন, আগামী প্রজন্ম কেমন হবে, তা অনেকাংশেই শিক্ষকদের ওপর নির্ভর করছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষকরা সেই শিক্ষার মেরুদণ্ড। শিক্ষকদের সামাজিক মর্যাদা, আর্থিক সচ্ছলতা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবেন না।

তিনি শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল প্রণয়ন, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং গবেষণায় উৎসাহ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রয়োজনীয় কর্তৃত্ব ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচি নিয়েও প্রশ্ন তোলেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চালু রাখা ছোট শিশুদের জন্য কঠিন। অনেক শিক্ষার্থী এত দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকতে চায় না। তাই প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করার প্রস্তাব দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুদার খোকন বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে হবে এবং বাস্তবেও তার প্রতিফলন ঘটাতে হবে। বিএনপির নেতা পরিচয় দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা বা দায়িত্বে অবহেলা করা যাবে না। এমনটি হলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, সত্যিকারের মানুষ, সমাজ ও বাংলাদেশ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিতে এসেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

শিক্ষকদের শুধু চাকরিজীবী হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের জীবনে শিক্ষকদের প্রভাব দীর্ঘস্থায়ী। তাই শিক্ষকদের অবহেলা করা যাবে না। শিক্ষাঙ্গনে কোনো ধরনের রাজনীতি না করে শিক্ষার্থীদের আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।

পিট্যাবের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. শাজাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য দেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম