খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তা প্রদর্শনের অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।

গ্রেপ্তার খালিদ পারভেজ ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-২।

এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সংশ্লিষ্ট থানা থেকে পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়। প্রথমে তাকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে ঠাকুরগাঁও সদর থানায় পাঠানো হবে।

মামলার নথি অনুযায়ী, গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে মোছা. লাকী আক্তার বাদী হয়ে মামলাটি করেন। পরে ৯ জুলাই মামলাটি এজাহারভুক্ত হয়। এতে খালিদ পারভেজ ছাড়াও রবিউল ইসলাম নামে আরেকজনকে অভিযুক্ত করা হয়েছে।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারায় মামলাটি দায়ের করা হয়। এটি ঠাকুরগাঁও আমলি আদালতের সি.আর. ৬৭৪/২০২৬ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। পরে ১৬ জুন ওই নারীকে না জানিয়ে তাকে তালাক দেন খালিদ।

অভিযোগ অনুযায়ী, তালাকের পরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরে প্রস্তাবে রাজি না হওয়ায় ১৯ জুন সকাল ১০টার দিকে খালিদ নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবিও আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩, মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর খালিদ পারভেজকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম