খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ছবি নোয়াখালী সংবাদদাতা

গিয়াস রনি ।। নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন রুবেলের পৈতৃক সম্পত্তির পাঁচ শতাংশ জমি দখল এবং বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুকের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন রুবেল।

লিখিত বক্তব্যে রুবেল বলেন, অভিযুক্ত আবদুল্লা আল ফারুক অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ২০০৫ সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে তার সঙ্গে আমাদের বিরোধ চলছে। দীর্ঘদিন ধরে আমাদের রেকর্ডীয় পাঁচ শতাংশ জমি দখল করে বাড়ির প্রবেশপথ বন্ধ করে রেখেছে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রুবেল আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। আবদুল্লা আল ফারুকের ইন্ধনে তার জেঠাতো ভাই যুবলীগ ক্যাডার বেলায়েত হোসেন মজনু, অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু ও শাহ আলমসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ওই হামলার পর প্রায় তিন বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

রুবেল দাবি করেন, আবদুল্লা আল ফারুকের পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি আওয়ামী লীগের অর্থদাতা। অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলুকে দিয়ে সাবেক স্ত্রীর দেওয়া একাধিক মামলায় দীর্ঘ দিন জেল খাটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার ভাইকে দিয়ে চাপ দিয়ে ফারুক তার মামলা গুলো প্রত্যাহার করে নেন। ফারুকের তিন ভাইয়ের বিরুদ্ধে আদম ব্যবসার পৃথক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিজ বাড়িতে দাওয়াত করে ভূরিভোজের আয়োজন করেন।

রুবেলের অভিযোগ, বিএনপি সরকার গঠনের পর আবদুল্লা আল ফারুক আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বিভিন্ন অপকর্মে জড়াতে কিশোর গ্যাং গঠন করেছেন। পাশাপাশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দল থেকেও তাকে একাধিকবার বহিষ্কার করিছেন। ৫ আগস্ট রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে ডাক্তারহাট বাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।  

রুবেল বলেন, স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে তিনি জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নোয়াখালী-৩,৪ ও ৫ আসনের সংসদ সদস্যসহ বিএনপির নেতাদের সহযোগিতা কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লা আল ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, রুবেলের কোনো জমি তার দখলে নেই। বরং রুবেলের কাছে আরও বেশি জমি রয়েছে। তার সঙ্গে রুবেলের বিরোধ নেবি, আমার জেঠাতো ভাই মজনুর বিরোধ ছিল। মজনু ঘর নির্মাণ করতে গেলে রুবেল বাধা দেন।  উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি রুবেলকে দিয়ে এসব করাচ্ছেন।

সংবাদ সম্মেলনে রুবেলের মা শাহজান বেগম ও বড় ভাই বেলায়েত হোসেন বেলাল উপস্থিত ছিলেন।
advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম