খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

শাকুর মাহমুদ চৌধুরী ।। উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা 

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সুদৃঢ় ঐক্যের প্রত্যয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চার গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের আলীর জাহালের সাইমা ওশান সিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ১৫০ জন সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, সাংগঠনিক সম্মেলন, কমিটি ঘোষণা, গুণীজন সংবর্ধনা, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ। সার্বিক সহযোগিতায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন এবং দপ্তর সম্পাদক ও উত্তরণ মডেল কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম, প্রকৌশলী কানন পাল, অ্যাডভোকেট আবদুর রহিম, জাফর আলম, বীর মুক্তিযোদ্ধা সমীর পাল, রোস্তম আলী ও অ্যাডভোকেট রেজাউল করিম।

অনুষ্ঠানে চার গুণীজনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন—শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, ক্য থিং অং, দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা এবং দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, দীর্ঘ ২২ বছর ধরে কক্সবাজার জেলা প্রেসক্লাব সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছে। সাংবাদিকতায় 5W ও 1H-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া অত্যন্ত জরুরি। হলুদ সাংবাদিকতা ও পক্ষপাতমূলক সংবাদ পরিহার করে পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।

প্রধান অতিথি এম এম সিরাজুল ইসলাম বলেন, সত্য যত কঠিনই হোক, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। কক্সবাজারের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন।

প্রধান আলোচক ক্য থিং অং বলেন, তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের বিষয়েও সাংবাদিকদের অনুসন্ধানী ভূমিকা রাখা জরুরি।

দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা বলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠার সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সংগঠনটি একসময় সাংবাদিকতা অঙ্গনে ব্যাপক সম্মান অর্জন করেছিল। তিনি আশা প্রকাশ করেন, প্রেসক্লাব আবারও তার হারানো মর্যাদা ও গৌরব ফিরে পাবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিয়মনীতি, নৈতিকতা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নানা প্রলোভন থাকলেও সত্যের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। নিরন্ন, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের আশা-ভরসার জায়গা সাংবাদিকতা। তাই নতুন প্রজন্মকে ত্যাগ, সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমে পেশার মর্যাদা রক্ষা করতে হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সাংবাদিকেরা সমাজের সমস্যা তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাদক নিয়ন্ত্রণ ও সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও কক্সবাজার জেলা প্রেসক্লাব সাংবাদিকদের একটি সুসংগঠিত পরিবার হিসেবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা, পেশাগত নিরাপত্তা ও পারস্পরিক ঐক্য জোরদারে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সম্মেলনে প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনকে নিজ নিজ পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির অন্যান্য পদ ও দায়িত্ব আগের কমিটির সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া উপজেলা পর্যায়ে প্রেসক্লাবগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সফরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। প্রবীণ ও নবীন সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংগঠনিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম