খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল সেন্টারের তালিকা আসছে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল সেন্টারের তালিকা আসছে

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে বাস্তবে কর্মীদের কাছ থেকে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নেওয়ার কথা বলা হচ্ছে। নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে কর্মীদের ভোগান্তি বাড়বে বলে মনে করছে সরকার।

এদিকে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা খরচের কথা বলা হচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে ব্যয় থাকলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।

বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ লক্ষ্যে এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সংস্থাটি। সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করতে চায় বোয়েসেল।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি বলেন, এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। ডিসেম্বরের আগে সবকিছু চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। কোনো কারণে এক-দুই দিন দেরি হলে সেটি ভিন্ন বিষয়।

ডিএইচএলে প্রথম ধাপে নিয়োগ পাবেন ১১২ জন

বোয়েসেলের এ উদ্যোগের আওতায় মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে প্রথম ধাপে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার তাদের চূড়ান্ত নির্বাচন কার্যক্রম শুরু হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ নভেম্বর ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম