খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন খাদ্য মূল্যস্ফীতি, কিছুটা স্বস্তিতে ভোক্তারা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন খাদ্য মূল্যস্ফীতি, কিছুটা স্বস্তিতে ভোক্তারা

ছবির ক্যাপশন *

নিজস্ব প্রতিবেদক:

দেশে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে ৬ দশমিক ৪০ শতাংশে, যা গত ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন। নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু খাদ্যপণ্যের দাম কমায় সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে ০ দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৪ শতাংশ থেকে কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রাম ও শহর উভয় অঞ্চলেই খাদ্য মূল্যস্ফীতি কমেছে। গ্রামাঞ্চলে সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ১৮ শতাংশ, যা অক্টোবরে কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। অন্যদিকে শহরাঞ্চলে এ হার ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে।

অক্টোবরে বোয়াল, আইড়, বাইল্যা ও কই মাছ, তরল দুধ, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, গাজর, শসা ও মুলার দাম কমেছে। পাশাপাশি পোশাক, স্বর্ণ ও রুপার দামও হ্রাস পেয়েছে। বিশেষ করে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে।

এ বিষয়ে বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. শাহাবুদ্দিন সরকার বলেন, বিবিএসের তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বাজারের বর্তমান পরিস্থিতিরই প্রতিফলন।

তবে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ, যা অক্টোবরে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশ এবং শহরাঞ্চলে ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ হয়েছে।

অন্যদিকে, মাসভিত্তিক হিসাবে অক্টোবরে সার্বিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ১৫৬ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১৫৩ দশমিক ৩৩ পয়েন্ট। এ সময়ে মাসভিত্তিক মূল্যস্ফীতি ১ দশমিক ১২ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৮২ শতাংশ হয়েছে।

অক্টোবরে সামুদ্রিক মাছ, বরবটি, পাকা পেঁপে, মসুর ডাল, মুগ ডাল, গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি তেল ও বোতলজাত গ্যাসের দাম বেড়েছে। এসব পণ্যের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিবিএস ৩৮৩টি পণ্যের ৭৪৯টি ধরন বিবেচনায় নিয়ে ভোক্তা মূল্যসূচক তৈরি করে। এর মধ্যে ২৪২টি খাদ্যপণ্য এবং ৫০৭টি খাদ্যবহির্ভূত পণ্য রয়েছে।

প্রতি মাসের ১১ থেকে ১৯ তারিখের মধ্যে মহানগর, জেলা শহর ও গ্রামীণ এলাকার ১৫৪টি বাজার থেকে এসব পণ্যের দাম সংগ্রহ করা হয়। এ কাজে ৪৬২টি দোকান ও বিক্রয়কেন্দ্রের তথ্য নেওয়া হয়। সংগৃহীত দামের গড় এবং নির্ধারিত ভার বিবেচনায় নিয়ে জাতীয় ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়।

সূত্র: বাসস

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম