খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবি লালমনিরহাট প্রতিনিধি

মো.হাসমত উল্লাহ ।। লালমনিরহাট প্রতিনিধি

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

৮ নভেম্বর ২০২৬ইং জেলার আদিতমারী উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা সমবায় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আবুঝ উদ্দিন।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুকছিদুজজামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক, আলোর প্রদীপ পণ্য উৎপাদনকারী ও বিপণন সমবায় সমিতির সভাপতি হাসান তারেক, তিস্তা সমবায় সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ হিমেল এবং আদিতমারী মহিলা স্বাবলম্বী সমবায় সমিতির সভাপতি বিজলী রানী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সমবায়ের মাধ্যমে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ও সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল ও কার্যকর করতে হলে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা, নিয়মিত হিসাব সংরক্ষণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে হবে।

বক্তারা তরুণ সমাজ ও নারীদের সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উৎপাদনমুখী সমবায় গড়ে তুলে স্থানীয়ভাবে পণ্য উৎপাদন, বিপণন ও ক্ষুদ্র ব্যবসার প্রসারের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং স্বাবলম্বী সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করলে ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমবায় কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সমবায় সমিতির সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি পালনের মধ্য দিয়ে আদিতমারীতে সমবায় আন্দোলনকে আরও বেগবান করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম