খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটিতে দেশের গুরুত্বপূর্ণ দুই স্থলবন্দর বেনাপোল ও হিলিতে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল ও হিলি স্থলবন্দরে পণ্য পরিবহন, আমদানি-রপ্তানি এবং কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি ছুটির কারণে শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে কোনো পণ্য রপ্তানি হচ্ছে না। একই কারণে বন্ধ রয়েছে কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রোববার (৮ নভেম্বর) থেকে পুনরায় সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, সরকারি ছুটির কারণে বন্দরের আমদানি-রপ্তানিসহ কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পণ্য খালাস শেষে বন্দরে অবস্থানরত ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে।

অন্যদিকে, দিনাজপুরের হিলি স্থলবন্দরেও একই কারণে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ভারত থেকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এক দিনের বিরতির পর রোববার থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

তবে দুই স্থলবন্দরেই যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

একই তথ্য জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য পরিবহন বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ৫০ থেকে ১০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আয় হয় প্রায় ১০ কোটি টাকা।

সরকারি ছুটির কারণে এক দিনের জন্য দুই স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও রোববার থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম