খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে

ছবি সংগৃহীত

যোগফল প্রতিবেদক:


অংশীদারি ব্যবসা ও সোসাইটি নিবন্ধনে দীর্ঘসূত্রতা কমানোর সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। এখন থেকে আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দিতে হবে। আর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ জন্য নতুন নির্দেশনা জারি করেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাটি গত সোমবার এমন নির্দেশনা জারি করেছে।

এ নিয়ে জানতে চাইলে আরজেএসসির নিবন্ধক (অতিরিক্ত সচিব) আহমেদ উল্লাহ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত, নাগরিকসেবা সহজ ও অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং দাপ্তরিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা আনার উদ্দেশে নির্দেশনাটি দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে নিবন্ধনের আবেদন পাওয়ার তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন দেওয়া সম্ভব না হলে কারণ উল্লেখ করে তা পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

আবেদনে কোনো ত্রুটি বা ঘাটতি থাকলে তা সংশোধন বা পূরণের জন্য আবেদনকারীকে ৭ থেকে ১৫ দিনের সময় প্রদান করা হবে এবং আবেদনকারীকে বিষয়টি ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

জমে থাকা আবেদনগুলো তিন মাসের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে। অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তি করে এ বিষয়ে একটি প্রতিবেদন আরজেএসসির নিবন্ধকের কাছে দাখিল করবেন নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন অনুমোদন অথবা নামঞ্জুর করে আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হবে।

পার্টনারশিপ ফার্মের নিবন্ধন এখনো ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী হয়। আর সোসাইটি নিবন্ধন করা হয় ১৮৬০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী।

আরজেএসসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৪ হাজার ২২টি অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। দেশে বছরে গড়ে নিবন্ধন হয় দুই হাজার প্রতিষ্ঠানের। নিবন্ধিত সোসাইটির মোট সংখ্যা ১৭ হাজার ৪২৯। বছরে সোসাইটি নিবন্ধন হয় ২০০টি। একক বছর হিসেবে সবচেয়ে বেশি সোসাইটি নিবন্ধন হয়েছে গত অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫–২৬ অর্থবছরে। এ সময় সোসাইটি নিবন্ধন হয় ৯৪১টি সোসাইটি।

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম