খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বিয়ের ১৯ বছর পর এইচএসসিতে জিপিএ-৪.১৯ পেলেন দুই সন্তানের মা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিয়ের ১৯ বছর পর এইচএসসিতে জিপিএ-৪.১৯ পেলেন দুই সন্তানের মা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বিয়ের পর কেটে গেছে ১৯ বছর। সংসার, সন্তান লালন-পালন ও পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে একসময় থেমে গিয়েছিল পড়াশোনা। সামাজিক বাধা ও মানুষের কটূক্তিতেও দমে যাননি আফরোজা আক্তার মেরী। অবশেষে দীর্ঘ ১৯ বছর পর নিজের স্বপ্ন পূরণ করেছেন দুই সন্তানের এই জননী। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.১৯ (এ গ্রেড) অর্জন করে প্রমাণ করেছেন, শেখার কোনো বয়স নেই, ইচ্ছাশক্তিই সাফল্যের মূল চাবিকাঠি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ সাফল্য অর্জন করেন তিনি। মেরী নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের কুমারটেক গ্রামের বাসিন্দা। তিনি দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মানবসম্পদ উন্নয়ন শাখা থেকে পরীক্ষায় অংশ নেন। তার স্বামী ইমরুল হাসান বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।

মেরীর শিক্ষাজীবনের গল্পটা অন্যদের চেয়ে কিছুটা আলাদা। ২০০৭ সালে বিয়ের সময় তিনি দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সামনে ছিল এসএসসি পরীক্ষা। কিন্তু বিয়ের কারণে সেখানেই থেমে যায় তার পড়াশোনা।

২০১২ সালে বড় ছেলের জন্মের তিন বছর পর আবারও পড়াশোনা শুরুর চেষ্টা করেন তিনি। স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হলেও বয়স ও সামাজিক অবস্থান নিয়ে নানা কটূক্তির মুখে পড়তে হয়। একপর্যায়ে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতায় পড়াশোনা বন্ধ করতে বাধ্য হন। এরপর সংসার ও দুই সন্তানের লালন-পালনেই ব্যস্ত হয়ে পড়েন।

তবে মনের ভেতর পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্নটি বেঁচে ছিল। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে স্বামী ও পরিবারের সদস্যদের কাছে আবারও পড়াশোনা শুরুর ইচ্ছা প্রকাশ করেন মেরী। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরামর্শ পেলেও নিয়মিত শিক্ষার্থী হিসেবেই পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় যোগাযোগ করেন নিজের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে। পরে নবম শ্রেণিতে পুনরায় ভর্তি হন।

এরপর শুরু হয় নতুন সংগ্রাম। একদিকে সংসারের কাজ, অন্যদিকে দুই সন্তানের দেখাশোনা—সবকিছু সামলে পড়াশোনার জন্য সময় বের করা ছিল কঠিন। দিনের ব্যস্ততা শেষে রাত ১২টার পর শুরু হতো তার পড়ার প্রস্তুতি। গভীর রাত পর্যন্ত বই-খাতা নিয়ে চলত তার অধ্যবসায়। এ যাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন স্বামী ইমরুল হাসান। উৎসাহ দেওয়ার পাশাপাশি নিজেই স্ত্রীর ব্যক্তিগত শিক্ষক হিসেবে পাশে দাঁড়ান তিনি।

সামাজিক প্রতিবন্ধকতা ও পারিবারিক ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাস করতে না পারলেও শিক্ষকদের সহযোগিতা এবং নিজের অধ্যবসায়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান মেরী। অবশেষে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৫৫ (এ গ্রেড) অর্জন করেন। দীর্ঘ বিরতির পর এ সাফল্য তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। পরে একই শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিকে ভর্তি হন।

এইচএসসি পর্যায়েও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। বড় ছেলের এসএসসি পরীক্ষা, ছোট ছেলের বিদ্যালয়ের পড়াশোনা, সংসারের দায়িত্ব এবং নিজের শারীরিক অসুস্থতা—সবকিছু সামলে এগিয়ে যেতে হয়েছে। তবুও লক্ষ্য থেকে সরে দাঁড়াননি। সব বাধা পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.১৯ অর্জন করেন।

দীর্ঘ ১৯ বছর পর শিক্ষাজীবনের স্বপ্ন পূরণ করতে পেরে উচ্ছ্বসিত আফরোজা আক্তার মেরী ও তার পরিবার। তার এ সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত স্বামী ইমরুল হাসান। স্ত্রীর দীর্ঘ সংগ্রামের প্রতিটি ধাপে পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি।

ইমরুল হাসান বলেন, ‘তুমি প্রমাণ করে দিলে মানুষের ইচ্ছাশক্তি, ধৈর্য আর পরিশ্রমের বিকল্প কিছু নেই। আজ আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত। ১৯ বছর পর এসেও তুমি সফল হয়েছ। তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। আমি সবসময় তোমার পাশে আছি, তোমার প্রাইভেট টিচার হয়ে।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম