খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

হোটেল নয়, সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে রোটারি ক্লাবের অভিষেক উদ্‌যাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হোটেল নয়, সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে রোটারি ক্লাবের অভিষেক উদ্‌যাপন

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

অভিজাত হোটেলের পরিবর্তে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ৪২তম অভিষেক অনুষ্ঠান উদ্‌যাপন করেছে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রাম। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর রৌফাবাদের তিনটি প্রতিষ্ঠানের শিশুদের জন্য তিন মাসের প্রয়োজনীয় ওষুধ, ডায়াবেটিস মাপার মেশিন, রক্তচাপ পরিমাপের যন্ত্রসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রৌফাবাদের বুদ্ধিপ্রতিবন্ধী শিশু বিদ্যালয়, সরকারি শিশু পরিবার (বালিকা) ও ছোটমণি নিবাসে ক্লাবটির ৪২তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের খোঁজখবর নেওয়া এবং একসঙ্গে দুপুরের খাবার খাওয়ার মধ্য দিয়ে ব্যতিক্রমী এ আয়োজন সম্পন্ন হয়।

সাধারণত রোটারি ক্লাবের অভিষেক অনুষ্ঠান অভিজাত হোটেল কিংবা রেস্তোরাঁয় আয়োজন করা হলেও এবার সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসেছে সংগঠনটি। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবার বাস্তব চাহিদা জানতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানের চেয়ারম্যান পিপি রোটারিয়ান ওয়াহিদুজ্জামান চৌধুরী বলেন, এসব প্রতিষ্ঠানে পরিবার থেকে বিচ্ছিন্ন, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বসবাস করে। তাদের শুধু অন্ন ও আশ্রয় নয়, প্রয়োজন ভালোবাসা, মর্যাদা ও সামাজিক স্বীকৃতি। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এলে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করা সম্ভব।

তিনি বলেন, এ আয়োজনের উদ্দেশ্য শুধু অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করা নয়; বরং শিশুদের জীবন ও চ্যালেঞ্জগুলো কাছ থেকে বোঝা এবং ভবিষ্যতে তাদের জন্য কী করা যায়, তা চিহ্নিত করা। পরিবারের সদস্য ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে তাদের মধ্যে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

রোটারি ক্লাবের উদ্যোগে তিন প্রতিষ্ঠানের আবাসিক শিশুদের জন্য তিন মাসের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ডায়াবেটিস মাপার মেশিন, রক্তচাপ পরিমাপের যন্ত্রসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী দেওয়া হয়। ভবিষ্যতেও শিশুদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান ওয়াহিদুজ্জামান চৌধুরী।

প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও এ ধরনের সহযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তবে চিকিৎসাসামগ্রীর পাশাপাশি জনবল ও পরিবহনসংকটসহ আরও কিছু চাহিদার কথা তুলে ধরেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুদ্ধিপ্রতিবন্ধী শিশু বিদ্যালয়ের প্রিন্সিপাল ও উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রতিষ্ঠানে একটি পুরোনো গাড়ি রয়েছে, যা সব সময় জরুরি প্রয়োজনে কাজে আসে না। ছেলে ও মেয়েশিশুদের পরিচর্যার জন্য পৃথক দুজন নার্স থাকলে সেবা কার্যক্রম আরও সহজ হতো।

তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান চিকিৎসকেরা যদি প্রতি সপ্তাহে কিংবা মাসে অন্তত একবার বিনা মূল্যে শিশুদের চিকিৎসাসেবা দিতেন, তাহলে প্রতিষ্ঠানটি আরও উপকৃত হতো। প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর পাশাপাশি এ ধরনের সহযোগিতা শিশুদের সুস্থতা ও স্বাভাবিক বিকাশে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রামের সাবেক সভাপতি এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা উপাচার্য রোটারিয়ান পিপি ড. এ এফ ইমাম আলী।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো রোটারির অন্যতম মূল লক্ষ্য। বিশেষ করে পরিবার থেকে বিচ্ছিন্ন কিংবা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও পুনর্বাসনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের আয়োজন অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি জসীম উদ্দিন চৌধুরী, সহকারী কান্ট্রি কোঅর্ডিনেটর, আরআইডি-৬৫, বাংলাদেশ এবং চেয়ারম্যান, দৈনিক পূর্বকোণ লিমিটেড। তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষের জন্য কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে রোটারির এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এসব প্রতিষ্ঠানের শিশুরা যেন অন্য শিশুদের মতো বেড়ে উঠতে পারে এবং সবার সঙ্গে মিশে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটিই তাদের প্রত্যাশা। এসব প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠে অনেকে ভালো অবস্থানে পৌঁছেছেন। একজন চিকিৎসক বর্তমানে কক্সবাজারে কর্মরত রয়েছেন, অন্যরাও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। একসময় যারা সমাজে অবহেলিত ছিল, আজ তারা নিজেদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের এ অবস্থানে পৌঁছানোই আমাদের সফলতা।

তিনি আরও বলেন, সরকারি সমাজকল্যাণ প্রতিষ্ঠানে বসবাসরত শিশুদের পরিচর্যা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোটারি ক্লাবের এ উদ্যোগ শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যসেবায় সহায়ক হবে।

চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা, পরিচর্যা ও পুনর্বাসনে কাজ করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রামের প্রেসিডেন্ট রোটারিয়ান ফজলুল করিম চৌধুরী, আইপিপি রোটারিয়ান আফিয়া খাতুন মীরা, রোটারিয়ান সাজেদা বেগম, রোটারি ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রালের প্রেসিডেন্ট মতিউর রহমানসহ বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ, রোটারিয়ান, রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি ও রোটারি ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনা শেষে শিশুদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করেন অতিথিরা। এ ছাড়া বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রোটারি ক্লাব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির নেতারা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম