গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে পূজা কমিটির সদস্যের মৃত্যু
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নেওয়ার প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জীব চৌহান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ঝলক মাস্টারপাড়া পূজামণ্ডপ কমিটির সদস্য ছিলেন।
বুধবার (২১ অক্টোবর) রাতে গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া মহল্লার ঝলক পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জীব চৌহান ওই মহল্লার শ্যামলাল চৌহানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পূজামণ্ডপ সূত্রে জানা গেছে, মাস্টারপাড়া মহল্লায় ঝলক মাস্টারপাড়া পূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। বুধবার রাতে প্রতিমা বিসর্জনের জন্য মণ্ডপ থেকে ট্রাকে তুলে পাশের রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন অনন্ত সাগর পুকুরের ঘাটে নেওয়ার প্রস্তুতি চলছিল।
এ সময় ট্রাকটি মণ্ডপ থেকে বের হওয়ার পথে রাস্তার ওপর একটি বৈদ্যুতিক তার ঝুলে থাকতে দেখেন সঞ্জীব। তিনি হাত দিয়ে তারটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শীলা চৌহান বলেন, “ঘর থেকে বের হওয়ার সময় স্বামী বলেছিলেন, দেবী বিসর্জনে যাবা না। আমি বলেছিলাম, যাবো। এটাই ছিল তাঁর সঙ্গে আমার শেষ কথা। পরে রাতে স্বামীর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পাই। আমার দুটি সন্তান বাবা হারিয়ে ফেলল।”
ঝলক মাস্টারপাড়া পূজা কমিটির সভাপতি অজিত চৌহান বলেন, সঞ্জীব তাঁদের পূজা কমিটির সদস্য ছিলেন। রাতে প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নেওয়ার সময় রাস্তার ওপর ঝুলে থাকা তার সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
মণ্ডপের আলোকসজ্জা ও বিদ্যুতের কাজের দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়ী করে তিনি বলেন, বৈদ্যুতিক তারের লিকেজের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁরা যদি আগে তারের লিকেজ পরীক্ষা করতেন, তাহলে এমন দুর্ঘটনা ঘটত না।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন