খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক, ১৪৩৩

গোপালগঞ্জে বিজয় দশমীর নৌকা বাইচ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে বিজয় দশমীর নৌকা বাইচ

ছবি যোগফল প্রতিনিধি

সাইফুল ইসলাম || গোপালগঞ্জ প্রতিনিধি

দূর্গাপূজার বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
 আজ বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

 এ নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে কয়েক হাজার লোকের  সমাগম ঘটে।

শত বছরেরও বেশী সময় ধরে চলে আসা এ নৌকা বাইচ প্রতিবছর বিজয়া দশমীর দিনে কোন ব্যক্তি বা সংগঠনের আয়োজন ছাড়াই এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

 এ বছর কোটালীপাড়ার আশপাশের এলাকা ছাড়াও মাদারীপুর বাগেরহাট,  বরিশাল জেলা থেকে অসংখ্য দর্শক এ নৌকা বাইচ উপভোগ করতে আসেন। এ বাইচে অংশ নিয়ে ছিল ১৪ টি বাচারী নৌকা।

 নান্দনিক এ নৌকা  বাইচ দেখার জন্য প্রতি বছর এ দিনটির জন্য অপেক্ষা করে নানা ধর্ম বর্ণের মানুষ। 

কোটালীপাড়ার অনেকে  গ্রামের বাইরে গিয়ে নানা কাজে জীবন যাপন করেন। কিন্তু, এদিন তারা পরিবার নিয়ে কাটান একেবারেই গ্রাম্য পরিবেশ আর গ্রামীন সাংস্কৃতির সঙ্গে। 

কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, কথিত আছে যে আজ থেকে প্রায় দেড়শত বছর আগে  যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে ঘাঘর নদীতে দূর্গা পূজার বিজয়া দশমীর দিন এখানে মেলা ও নৌকা বাইচের আয়োজন করেছিলেন। সেখান থেকেই প্রতিবছর দুর্গাপূজার সময় এখানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। 

কোটালীপাড়া উপজেলার সকল ধর্মের জনগন এই নৌকা বাইচে অংশ গ্রহন করেন।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, নদী খাল বিল বেষ্টিত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে শত বছর ধরে বিশ্বকর্মা, দূর্গা ও লক্ষ্মী পূজায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এই বাইচ কেউকে আয়োজন করতে  হয় না। এই নৌকা বাইচে কাউকে পুরস্কারও দেওয়া হয় না।কোটালীপাড়ার এই নৌকা বাইচ একটি ব্যতিক্রমী আয়োজন। আগামীতে এই নৌকা বাইচ যাতে টিকে থাকে আমি সে বিষয়ে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবো

চুয়াডাঙ্গায় ভারতীয় কসমেটিকসের চালান জব্দ, আটক ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চুয়াডাঙ্গায় ভারতীয় কসমেটিকসের চালান জব্দ, আটক ২

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পাখি ভ্যানও জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খানের নেতৃত্বে সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তপথ দিয়ে একটি পাখি ভ্যানে করে ভারতীয় পণ্যের বড় চালান নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযান চালায়। এসআই জুম্মান খানের নেতৃত্বে পুলিশের দলটি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন পাখি ভ্যানটি সেখানে পৌঁছালে পুলিশ সেটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয় এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত পাখি ভ্যানটিও জব্দ করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় চোরাচালানবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে কুপিয়ে জখম, অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে কুপিয়ে জখম, অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

ছবি গোপালগঞ্জ প্রতিনিধি

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি 
 
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় সরাসরি হামলাকারী হিসেবে বাশার সিকদারের নাম এলেও, ভুক্তভোগী পরিবারের অভিযোগের তীর তার বড় ভাই বরকত শিকদারের দিকে।

গত রবিবার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে। অভিযুক্তরা একই গ্রামের বাগান সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙা মাজড়া মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা বাশার সিকদার দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কোপে গুরুতর জখম করে পালিয়ে যায় সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে আহতের পরিবার জানায়, অভিযুক্ত বাশার সিকদারের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একাধিক মামলা রয়েছে।

পরিবারের ভাষ্য, "বাশারকে সামনে রেখে সবকিছু নিয়ন্ত্রণ করে তার বড় ভাই বরকত শিকদার। সে নিজেকে ভদ্রলোক হিসেবে দেখালেও ভেতরে সে-ই মূল হোতা। পূর্ব শত্রুতার জেরে আমাদের ওপর হামলার মূল পরিকল্পনাকারী বরকত।"

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত বাশার সিকদার বর্তমানে পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িত সকলের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বাগাতিপাড়া ছাত্রদল নেতা বহিষ্কার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাদক সেবনের ভিডিও ভাইরাল, বাগাতিপাড়া ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সৃষ্ট বিতর্কের জেরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) নাটোর জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত অনুমোদন করে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে শাহরিয়ার মাহমুদ স্বাধীনের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম