খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক, ১৪৩৩

বিশ্বম্ভরপুরে মহাষ্টমীতে মণ্ডপ পরিদর্শন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্বম্ভরপুরে মহাষ্টমীতে মণ্ডপ পরিদর্শন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা

ছবি যোগফল প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি ।। যোগফল  অনলাইন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সোমবার মহাষ্টমী পূজার দিন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিশ্বম্ভরপুরে এসে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে নিয়ে বিভিন্ন সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, এ বছর বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন পর্যন্ত এ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার ও অমর চক্রবর্তী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক সুকান্ত কুমার রায়, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক, কার্যকরী সদস্য সুদীপ দে, বিভা রায়, অজান্তা সরকার, মুনমুন পাল বৃন্দা, প্রতিমা রানী দাশ ও কাজল চন্দ। এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক শিলা বসু উপস্থিত ছিলেন।

বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি স্বপন কুমার বর্মন, সহসভাপতি শচীন্দ্র পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক রামেন্দ্র দাশ, সাংস্কৃতিক সম্পাদক শান্তি বিশ্বাস, দপ্তর সম্পাদক চয়ন দাশ এবং সদস্য শ্যামা বর্মন ও গোবিন্দ বিশ্বাসসহ অন্যরা।

এর আগে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারণ সম্পাদক বিজিৎ মৌত্রের নেতৃত্বে পরিষদের সদস্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজা কমিটির সদস্য ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। পূজামণ্ডপগুলোর কমিটির সঙ্গে পরিষদের নেতৃবৃন্দের নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

এদিকে, গত রোববার সপ্তমী পূজার দিন বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পূজামণ্ডপসহ আরও কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এ সময় তাঁর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতায় বিশ্বম্ভরপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হচ্ছে। উৎসবের শেষ দিন পর্যন্ত এ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করছেন বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

চুয়াডাঙ্গায় ভারতীয় কসমেটিকসের চালান জব্দ, আটক ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চুয়াডাঙ্গায় ভারতীয় কসমেটিকসের চালান জব্দ, আটক ২

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পাখি ভ্যানও জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খানের নেতৃত্বে সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তপথ দিয়ে একটি পাখি ভ্যানে করে ভারতীয় পণ্যের বড় চালান নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযান চালায়। এসআই জুম্মান খানের নেতৃত্বে পুলিশের দলটি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন পাখি ভ্যানটি সেখানে পৌঁছালে পুলিশ সেটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয় এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত পাখি ভ্যানটিও জব্দ করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় চোরাচালানবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে কুপিয়ে জখম, অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে কুপিয়ে জখম, অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

ছবি গোপালগঞ্জ প্রতিনিধি

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি 
 
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় সরাসরি হামলাকারী হিসেবে বাশার সিকদারের নাম এলেও, ভুক্তভোগী পরিবারের অভিযোগের তীর তার বড় ভাই বরকত শিকদারের দিকে।

গত রবিবার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে। অভিযুক্তরা একই গ্রামের বাগান সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙা মাজড়া মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা বাশার সিকদার দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কোপে গুরুতর জখম করে পালিয়ে যায় সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে আহতের পরিবার জানায়, অভিযুক্ত বাশার সিকদারের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একাধিক মামলা রয়েছে।

পরিবারের ভাষ্য, "বাশারকে সামনে রেখে সবকিছু নিয়ন্ত্রণ করে তার বড় ভাই বরকত শিকদার। সে নিজেকে ভদ্রলোক হিসেবে দেখালেও ভেতরে সে-ই মূল হোতা। পূর্ব শত্রুতার জেরে আমাদের ওপর হামলার মূল পরিকল্পনাকারী বরকত।"

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত বাশার সিকদার বর্তমানে পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িত সকলের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বাগাতিপাড়া ছাত্রদল নেতা বহিষ্কার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাদক সেবনের ভিডিও ভাইরাল, বাগাতিপাড়া ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সৃষ্ট বিতর্কের জেরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) নাটোর জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত অনুমোদন করে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে শাহরিয়ার মাহমুদ স্বাধীনের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম