খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

শ্রীনগরে পরকীয়া সম্পর্কের জেরে হত্যা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শ্রীনগরে পরকীয়া সম্পর্কের জেরে হত্যা

 যোগফল প্রতিবেদক:

স্ত্রীকে বিয়ে করা ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরে আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মো. মন্টু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার ট্যাংরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শ্রীনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার লালবাগের কাশ্মীরী টোলা লেনের বাসিন্দা মন্টুর স্ত্রী রুবিনার সঙ্গে একই এলাকার আব্দুল জব্বারের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। প্রায় দুই বছর আগে মন্টু ও রুবিনা শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিম খৈয়াগাঁও গ্রামের একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ শুরু করেন। সেখানে থাকাকালে জব্বার মাঝেমধ্যে রুবিনার সঙ্গে দেখা করতে আসতেন বলে জানা গেছে।

পরে প্রায় ছয় মাস আগে রুবিনা গোপনে আব্দুল জব্বারকে বিয়ে করেন এবং তাকে ধর্মের ভাই পরিচয়ে নিজেদের সংসারে রাখেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি। একপর্যায়ে জব্বারের সঙ্গে রুবিনার ঘনিষ্ঠতার বিষয়টি মন্টুর নজরে আসে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

পরে বিরোধ আরও চরমে উঠলে মন্টুকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং রুবিনা তাকে তালাক দেন বলে জানা গেছে। এরপর থেকেই মন্টু ক্ষুব্ধ ছিলেন বলে পুলিশের দাবি।

পুলিশ জানায়, গত ১৬ আগস্ট সকাল ৭টার দিকে মন্টু ওই বাড়িতে গিয়ে আব্দুল জব্বারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জব্বারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই জব্বারের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জব্বারের প্রথম স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে গত ৩১ আগস্ট শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। মামলার বাদী জানান, আব্দুল জব্বার বাংলাদেশ সচিবালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা মিল্টন দত্ত জানান, মামলা হওয়ার পর থেকে মন্টু আত্মগোপনে থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গাজীপুরের শ্রীপুর উপজেলার ট্যাংরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মন্টুর বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

 যোগফল প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় স্থানান্তরিত হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জিএমএস টেক্সটাইল কারখানার একটি বাস কালিয়াকৈরের মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা কয়েকজন শ্রমিক আটকা পড়েন। এ সময় কয়েকজন সড়কের পাশেও ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে নারীসহ ১৫ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

যোগফল প্রতিবেদক:

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে কাজ করছে। বর্তমানে আইটিএফসির কাছ থেকে ব্যাংকটির ৪ কোটি মার্কিন ডলারের মুরাবাহা অর্থায়ন সুবিধা রয়েছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও রয়েছে। এই অর্থায়ন সিটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে সহায়তা করছে।

বৈঠকে দুই প্রতিষ্ঠান তাদের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা করে। একই সঙ্গে রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সিটি ব্যাংক জানিয়েছে, এ বৈঠকের মাধ্যমে শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন আরও সম্প্রসারণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতগুলোকে সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

ব্যাংকটির মতে, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগও বাড়বে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম