সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের আগে ৫ জন উদ্ধার
যোগফল প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ)-এর একটি আভিযানিক দল মধ্যম কচ্ছপিয়ায় নুরুল কবিরের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সংঘবদ্ধ মানবপাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করে র্যাব।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, আর্থিক লাভের উদ্দেশ্যে অজ্ঞাতনামা মানবপাচারকারীরা ওই পাঁচজনকে নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য মধ্যম কচ্ছপিয়া এলাকায় একত্রিত করেছিল। তাদের জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের উদ্দেশ্যও ছিল বলে জানায় র্যাব।
উদ্ধার হওয়া পাঁচজন এবং জব্দ করা মোবাইল ফোন পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন