বেলকুচিতে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত
যোগফল প্রতিবেদক:
গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অনুষ্ঠিত হয়েছে পানসি ও কোষা নৌকা বাইচ প্রতিযোগিতা। ঢাকা ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর আয়োজনে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় রোববার সন্ধ্যায়।
ফাইনাল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কোষা নৌকা বিভাগে প্রথম স্থান অর্জন করে ‘আল্লাহ ভরসা, গাবসাড়া’। আর পানসি নৌকা বিভাগে প্রথম হয় ‘নিউ শাড়ীর ভিটা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বানী গ্রুপের এমডি শফিকুল ইসলাম সরকার সোহেল, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচি সার্কেলের এসপি শহিদুল ইসলাম এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক।
আয়োজকরা জানান, টানা চতুর্থবারের মতো এই নৌকা বাইচের পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা ব্যাংক পিএলসি। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
নৌকা বাইচকে ঘিরে বেলকুচির যমুনা নদীর তীরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের হাজারো মানুষ নদীর তীরে সমবেত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণের পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাস পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।
তিন দিনব্যাপী আয়োজনে ১৮টি পানসি ও ১৬টি কোষা নৌকা অংশ নেয়। প্রায় ৩ হাজার বাইছাল মাঝির অংশগ্রহণে শারী ও ভাটিয়ালি গান এবং নৌকায় নাচ-গানের মধ্য দিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের মতে, বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশীয় ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন