খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র, ১৪৩৩

বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথেই এলো মেয়ের মৃত্যুসংবাদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথেই এলো মেয়ের মৃত্যুসংবাদ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে একটি পরিবার। বীর মুক্তিযোদ্ধা বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথেই আসে মেয়ের মৃত্যুসংবাদ। একদিনেই বাবাকে ও মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, দৌলতপুর পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী (৭২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেলে মারা যান। শনিবার সকাল ১০টায় উপজেলার মানিকদিয়ার কবরস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

দাফন শেষে পরিবারের সদস্যরা যখন বাড়ি ফিরছিলেন, তখনই ফোনে আসে আরেকটি দুঃসংবাদ। ফুলবাস আলীর নাতনি ও তুজাম উদ্দিনের মেয়ে মুন্নি খাতুন (২৩) মারা গেছেন।

স্বজনরা জানান, মুন্নি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। কয়েকদিন আগে তাঁর টাইফয়েড ধরা পড়ে। শুক্রবার রাতে দাদার মরদেহের পাশে বসে কান্নাকাটি করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারান। পরে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুক্তিযোদ্ধার বড় ছেলে তুজাম উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শুক্রবার বিকেলে বাবা মারা যান। শনিবার সকালে বাবার জানাজা ও দাফন শেষ করে বাড়ি ফেরার পথেই জানতে পারি, আমার মেয়ে মুন্নিও আর নেই। একদিনে বাবা আর মেয়েকে হারিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি।”

পরিবার জানায়, প্রায় এক বছর আগে দৌলতপুর থানাপাড়া গ্রামের মোস্তাকের সঙ্গে মুন্নির বিয়ে হয়। বিয়ের আগ পর্যন্ত তিনি দাদা ফুলবাস আলীর দেখাশোনার বড় দায়িত্ব পালন করতেন।

স্বজন নুরুজ্জামান বলেন, “চাচাকে শেষ বিদায় দিয়ে বাড়ি ফিরতেই ভাতিজির মৃত্যুর খবর পেলাম। এমন শোক কোনো পরিবার যেন কখনো না পায়।”

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার বিকেলে একই মানিকদিয়ার কবরস্থানে দাদা বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর কবরের পাশেই দাফন করা হয় মুন্নি খাতুনকে। একই দিনে একই কবরস্থানে দাদা-নাতনির চিরনিদ্রায় শায়িত হওয়ার দৃশ্য এলাকাবাসীকেও আবেগাপ্লুত করে তোলে।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, একই দিনে একই পরিবারের দুই সদস্যকে হারানোর এমন বেদনাদায়ক ঘটনা তারা আগে কখনো দেখেননি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’-এর বর্ণাঢ্য অভিষেক

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’-এর বর্ণাঢ্য অভিষেক

ছবিতে প্রধান অতিথি

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’-এর সিলেট জেলা নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিলেটস্থ প্যারালাক্স পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের নিরাপদ চলাচল ও সড়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডা. জহিরুল ইসলামের উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ে তুলতে সংগঠনটি যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘নিরাপদ যাতায়াত আমাদের সবার দায়িত্ব।’ সকলের সচেতন পথচলা নিশ্চিত করতে সম্মিলিতভাবে নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্ক্রিন প্রেজেন্টেশনের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌপথের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিলেট-ঢাকা মহাসড়কের বর্তমান পরিস্থিতি নিয়েও অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে চালক, পথচারী, যাত্রী, পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেকের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

যোগফল অনলাইন নিউজ ডেস্ক 

মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল সাংবাদিকের

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল সাংবাদিকের

 যোগফল প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মাহামুদুল হাসান অনিক নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি সাংবাদিকতার পাশাপাশি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। মনসুরাবাদ এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলটির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কাজী আশরাফের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, সকালে মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়। পরে পথে তার মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

চরিত্র পেতে আপত্তিকর প্রস্তাব, ‘না’ বলেই এগিয়ে যান স্যান্ড্রা বুলক

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চরিত্র পেতে আপত্তিকর প্রস্তাব, ‘না’ বলেই এগিয়ে যান স্যান্ড্রা বুলক

হলিউডে প্রতিষ্ঠা পাওয়ার আগে কঠিন সময় পার করতে হয়েছে অভিনেত্রী স্যান্ড্রা বুলককে। ক্যারিয়ারের শুরুর দিকে অডিশন দিতে গিয়ে চরিত্র পাওয়ার বিনিময়ে আপত্তিকর প্রস্তাবও পেয়েছিলেন তিনি। এমনকি কয়েকজন তাকে সরাসরি পোশাক খুলতে বলেছিলেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি বন্ধু ও সহ-অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে এক আলাপচারিতায় ক্যারিয়ারের শুরুর দিকের এসব অভিজ্ঞতা তুলে ধরেন স্যান্ড্রা। তিনি জানান, নিউইয়র্কে ওয়েট্রেস হিসেবে কাজ করার পাশাপাশি তখন নিয়মিত অভিনয়ের অডিশন দিতেন।

স্যান্ড্রার ভাষ্য অনুযায়ী, অডিশনে এমন কিছু পুরুষের মুখোমুখি হতে হয়েছে, যারা চরিত্র পাওয়ার বিনিময়ে অশোভন প্রস্তাব দিতেন। কেউ কেউ তাকে সরাসরি ‘প্যান্ট খুলতে’ বলতেন। এসব পরিস্থিতিতে তার উত্তর ছিল স্পষ্ট—‘না, এই চরিত্র আমার জন্য নয়।’

তবে এমন অভিজ্ঞতা তাকে অভিনয়ের স্বপ্ন থেকে সরিয়ে দিতে পারেনি। বরং সংগ্রামের সেই সময়েও কাজ পাওয়ার অনিশ্চয়তার ভয়কে সঙ্গে নিয়ে এগিয়ে গেছেন তিনি। তার উপলব্ধি ছিল, একজন সংগ্রামী অভিনেতার মনে সবসময়ই থাকে—হয়তো এরপর আর কোনো কাজ পাওয়া যাবে না। তাই সুযোগ পেলে সেটিকে কাজে লাগিয়েই সামনে এগোতে হয়।

ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার পর স্যান্ড্রা বুলক বুঝতে পারেন, একটি নির্দিষ্ট ঘরানার মধ্যে আটকে থাকলে অভিনেত্রী হিসেবে নিজের সামর্থ্য পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। রোমান্টিক কমেডির মাধ্যমে জনপ্রিয়তা পেলেও একসময় এই পরিচিতিই তার জন্য সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়।

১৯৯৫ সালের ‘হোয়াইল ইউ ওয়ার স্লিপিং’ ছবির মাধ্যমে রোমান্টিক কমেডিতে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপর ‘ফোর্সেস অব নেচার’, ‘টু উইকস নোটিশ’, ‘হোপ ফ্লোটস’ ও ‘মিস কনজেনিয়ালিটি’র মতো ছবিতে অভিনয় করে বড় তারকা হয়ে ওঠেন তিনি।

কিন্তু জনপ্রিয়তার সেই ধারার বাইরে নিজেকে প্রমাণ করতে মধ্য ২০০০-এর দশকে রোমান্টিক কমেডি থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন স্যান্ড্রা। জেনিফার অ্যানিস্টনের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, তখন সচেতনভাবেই মনে করেছিলেন—এবার তাকে অন্য ধরনের চরিত্রে কাজ করতে হবে।

এরপর ২০০৪ সালের ‘ক্রাশ’ ছবিতে ভিন্ন এক স্যান্ড্রা বুলককে দেখেন দর্শক। নাটকীয় এই ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেন, শুধু রোমান্টিক কমেডির অভিনেত্রী হিসেবে নয়, গুরুতর চরিত্রেও নিজের দক্ষতা দেখাতে পারেন তিনি।

‘ক্রাশ’ সেরা ছবির অস্কার জেতে। ছবিটিতে অভিনয়ের জন্য স্যান্ড্রা স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে সেরা সম্মিলিত অভিনয়ের পুরস্কারও পান।

পরবর্তী সময়ে আবারও রোমান্টিক কমেডিতে ফেরেন স্যান্ড্রা। ২০০৯ সালে রায়ান রেনল্ডসের সঙ্গে ‘দ্য প্রোপোজাল’ ছবিতে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পায়। একই বছর মুক্তি পাওয়া ‘অল অ্যাবাউট স্টিভ’ অবশ্য প্রত্যাশিত সাফল্য পায়নি।

তবে ওই বছরই ‘দ্য ব্লাইন্ড সাইড’ ছবিতে অভিনয় করে ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন পান স্যান্ড্রা। ছবিটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন তিনি।

এরপরও কমেডি ঘরানাকে পুরোপুরি বিদায় জানাননি এই অভিনেত্রী। ২০২২ সালে চ্যানিং ট্যাটামের সঙ্গে ‘দ্য লস্ট সিটি’ ছবিতে অভিনয় করেন তিনি। মহামারির পর মুক্তি পাওয়া ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১৯২ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায়।

ক্যারিয়ারের শুরুতে অপমানজনক ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেও সেসব অভিজ্ঞতা পেছনে ফেলে নিজের অভিনয় দক্ষতা দিয়ে হলিউডে আলাদা অবস্থান তৈরি করেছেন স্যান্ড্রা বুলক।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম