গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পাবরিয়ারচালা এলাকায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নিয়ে নাঈম আহমদ নামে এক যুবক উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই গৃহবধূর বিরুদ্ধে বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার শ্বশুরবাড়ির সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত নারী অভিযোগকারীর পুত্রবধূ এবং তিনি বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গত ১৬ জুলাই ২০২৬ দুপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে নাঈম আহমদের সঙ্গে তিনি বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, যাওয়ার সময় তিনি ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকা, আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), একটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যান।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে তারা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারী পরিবারের দাবি। ঘটনার বিষয়ে তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক তদন্তে প্রকৃত তথ্য নিশ্চিত হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম