জাপানের দক্ষিণাঞ্চলের কুমামতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্পের পর একটি শপিংমলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। এছাড়া ভবনের একাংশ ধসে পড়ায় বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিবিসি, আল জাজিরা ও জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুমামতো শহরের দক্ষিণে উকি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর জাপান আবহাওয়া সংস্থা উপকূলীয় এলাকায় সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়।
ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই কুমামোটোর কাশিমা শহরের এইওন মল কুমামোটো-তে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। শপিংমল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এইওন’ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই সব গ্রাহককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
দমকল বিভাগের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের তীব্রতায় ভবনের দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ে। এতে ভবনের ভেতরে কয়েকজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এনএইচকে-র হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের ফলে শপিংমলের বাইরের দেয়ালের বড় একটি অংশ ভেঙে পড়ে গেছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।
ভূমিকম্পের কারণে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে কিউশু ইলেকট্রিক পাওয়ার। একই সঙ্গে জেআর কিউশু নিরাপত্তার স্বার্থে বুলেট ট্রেনসহ বিভিন্ন রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
এদিকে কুমামোটো অঞ্চলে একটি ফুটব্রিজ ধসে পড়ার খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জাপান সরকার কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি সতর্কতা জারি করেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাসিন্দাদের সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং উদ্ধার তৎপরতায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এদিকে পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকার কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিকতা বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, কুমামতো অঞ্চলের কাছাকাছি সনি ও বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা টিএসএমসির গুরুত্বপূর্ণ কারখানা রয়েছে। তবে এসব স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিশ্চিত হয়নি।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বে ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্পই দেশটিতে সংঘটিত হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম