ঝালকাঠি থেকে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায়।
সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
জানা গেছে, ঝালকাঠি সদর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রায়পুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করেন। পরে আহত রোগীকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়।
রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা ফজলুল হক প্রতি মাসেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ঢাকার একটি হাসপাতালে যান। সোমবারও একই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু পথেই দুর্ঘটনার কবলে পড়ে তার একটি পা ভেঙে যায়। বর্তমানে তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম