দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সোমবার (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সরাসরি ফ্লাইট চালুর ফলে জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি উপকৃত হবেন। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।
মন্ত্রী জানান, অলাভজনক হওয়ায় আগে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করা হয়েছিল। তবে নতুন পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে।
তিনি বলেন, ‘এটি শুধু একটি বিমান সেবা নয়, বরং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক ও অংশীদারত্বকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের লক্ষ্য শুধু রুট চালু করা নয়, বরং এটি দীর্ঘমেয়াদে সফলভাবে পরিচালনা করা। প্রধানমন্ত্রী প্রবাসীদের সেবার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। তাই এখন থেকে এই রুটের ফ্লাইট আর বন্ধ হবে না।’
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমানে বিমানের উড়োজাহাজ সংকট রয়েছে। সেই সংকট কাটাতে ১০টি নতুন এয়ারক্রাফট লিজ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করা। এর মাধ্যমে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পাশাপাশি যাত্রীসেবার মানও আরও উন্নত করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম