প্রেমে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে পিস্তল ঠেকিয়ে সহপাঠীর হুমকি
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে ছুরি ও পিস্তলের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই অভিযুক্ত তাকে নিয়মিত উত্ত্যক্ত ও মানসিকভাবে হয়রানি করে আসছিলেন।
অভিযুক্ত মহসিন আলম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগকারী একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে, অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।
লিখিত অভিযোগে ওই ছাত্রী জানান, গত ২২ জুলাই থেকে বিভিন্নভাবে তাকে বিরক্ত ও মানসিক চাপ দেওয়া হচ্ছিল। একপর্যায়ে অভিযুক্ত প্রেমের প্রস্তাব দেন। তিনি তা প্রত্যাখ্যান করলে চাপ আরও বাড়তে থাকে।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুলাই বিকেল ৩টার দিকে অভিযুক্ত জোরপূর্বক তাকে পদ্মা নদীর পাড়ে নিয়ে যান। সেখানে আবারও প্রেমের প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি না হওয়ায় ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পাশাপাশি অভিযুক্তের কাছে পিস্তল রয়েছে বলে দাবি করে তাকে ভয় দেখানো হয়। পরে তাকে আবারও নদীর পাড়ে নিয়ে গিয়ে পদ্মায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর ভাষ্য, দীর্ঘ সময় কান্নাকাটির পর তাকে মেসে পৌঁছে দেওয়া হয়। এরপর বিভিন্ন নম্বর থেকে ফোন করে অভিযুক্ত আত্মহত্যার হুমকি দেন এবং তাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মহসিন আলমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা যাচাই করা উচিত। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী বা নির্দোষ বলা সমীচীন নয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সোমবার দুপুর ১২টায় অভিযুক্ত শিক্ষার্থীকে ডাকা হয়েছে। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন