খুঁজুন
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ, ১৪৩৩

জনবান্ধব পুলিশ গঠনে ‘পুরস্কার-তিরস্কার’ নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জনবান্ধব পুলিশ গঠনে ‘পুরস্কার-তিরস্কার’ নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গণঅভ্যুত্থান-পরবর্তী জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশকে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে সততা, সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দেওয়া পুলিশ সদস্যদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে। অন্যদিকে, যারা আইন ভঙ্গ করবেন বা জনসেবায় ব্যাঘাত ঘটাবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাখা হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত সেটি নিষ্ক্রিয় করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা ও গৃহীত হয়েছে। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি এসএসএফ, পিজিআর ও পুলিশের সমন্বয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা সুবিধা পাচ্ছেন বলেও জানান তিনি।

পুলিশ সপ্তাহে পদক প্রদান বিলম্বিত হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম ধরা পড়ায় তা পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যোগ্য পুলিশ সদস্যদের হাতে দ্রুতই পদক তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট ৯ জন পুলিশ সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ উদ্যোগে হারিয়ে যাওয়া পাসপোর্ট উদ্ধার এবং ছিনতাইকারী গ্রেপ্তারের মতো সফল অভিযানের জন্য তাদের এ স্বীকৃতি দেওয়া হয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড নেইমার। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা চলছিল, শেষ পর্যন্ত তাতে ইতি টানলেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজের অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান সান্তোসের এই তারকা ফুটবলার। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচটিই হয়ে থাকল নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

অবসরের ঘোষণা দিলেও জাতীয় দলকে নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

নেইমার বলেন, "ব্রাজিলের হয়ে আমার পথচলা এখানেই শেষ। আমি ইতিহাস গড়েছি, অসংখ্য স্মরণীয় মুহূর্ত পেয়েছি। এই জার্সির জন্য আমি আমার রক্ত, আমার জীবন, সবকিছু উজাড় করে দিয়েছি। সব সময় লড়াই করেছি। কিন্তু এখন বিদায় বলার সময় এসেছে।"

২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। অভিষেক ম্যাচেই করেছিলেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন ১৩১টি ম্যাচ, করেছেন ৮০ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৯টি গোল।

বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিক—ব্রাজিলের হয়ে বড় সব আসরেই প্রতিনিধিত্ব করেছেন নেইমার। দেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জাতীয় দলকে বিদায় জানিয়ে শেষ হলো ব্রাজিলিয়ান ফুটবলের এক গৌরবময় অধ্যায়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনের চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিকে যাচ্ছিল। পথে বেদগ্রাম রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় নসিমনটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে রাজু শেখসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে রাজু শেখ মারা যান।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পেলে-মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পেলে-মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ফুটবল মাঠে একের পর এক কীর্তি গড়ার পর এবার স্মারকের বাজারেও নতুন ইতিহাস লিখলেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল। তার বিরল ‘ওয়ান-অফ-ওয়ান’ রুকি ট্রেডিং কার্ড নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে। এর মধ্য দিয়ে ফুটবল ট্রেডিং কার্ডের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কার্ডের মালিক হয়েছেন এই স্প্যানিশ তরুণ।

গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডিন আয়োজিত গ্লোবাল ফুটবল নিলামে পানিনির ২০২৩-২৪ ডনরুস ফিফা সিরিজের ‘ব্ল্যাক ওয়ান-অফ-ওয়ান কাবুম’ রুকি কার্ডটি বিক্রির জন্য তোলা হয়। বিশ্বে মাত্র একটি কপি থাকায় শুরু থেকেই সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল কার্ডটি। শেষ পর্যন্ত সেটিই রেকর্ড দামে বিক্রি হয়।

এর আগে ফুটবল ট্রেডিং কার্ডের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ছিল ব্রাজিল কিংবদন্তি পেলের দখলে। তার ১৯৫৮ সালের গ্রেডেড রুকি কার্ড নিলামে বিক্রি হয়েছিল ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে। অন্যদিকে, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ২০২৩-২৪ টপস ক্রোম স্যাফায়ার সিরিজের বিশেষ সংস্করণের একটি কার্ড বিক্রি হয়েছিল ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলারে।

শুধু রেকর্ড গড়া কার্ডই নয়, ইয়ামালের আরও দুটি স্মারকও নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। তার ‘গোল্ড কাবুম’ রুকি কার্ড বিক্রি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১০০ মার্কিন ডলারে। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহৃত তার স্বাক্ষরসংবলিত বার্সেলোনার একটি ম্যাচ-ওয়ার্ন জার্সি বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০০ মার্কিন ডলারে।

সব মিলিয়ে ইয়ামালের তিনটি স্মারক বিক্রি করে নিলামে আয় হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার। অল্প বয়সেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সংগ্রাহকদের কাছেও যে তিনি অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন, সাম্প্রতিক এই নিলাম তারই আরেকটি প্রমাণ।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম