খুঁজুন
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ, ১৪৩৩

রেলবঞ্চিত ১৬ জেলাকে নেটওয়ার্কে আনছে সরকার, চলছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রেলবঞ্চিত ১৬ জেলাকে নেটওয়ার্কে আনছে সরকার, চলছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি জেলাকে জাতীয় রেল নেটওয়ার্কের আওতায় আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। নতুন রেললাইন নির্মাণ, বিদ্যমান রেলপথ সম্প্রসারণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব ৬৪ জেলায় রেলসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৪৮টি জেলা জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকলেও এখনো ১৬টি জেলা রেলসেবার বাইরে রয়েছে। এ অবস্থায় প্রথম ধাপে রেলবঞ্চিত ১০টি জেলাকে নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, প্রথম পর্যায়ে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুরে রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব জেলার সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক সমীক্ষার কাজ চলছে।

পরবর্তী ধাপে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ভোলা, নেত্রকোনা এবং মানিকগঞ্জকে রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

চলমান প্রকল্পগুলোর মধ্যে সাতক্ষীরা রেলপথ সম্প্রসারণে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে এবং প্রকল্পটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া মধুখালী-মাগুরা রেললাইন সম্প্রসারণ, নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ এবং শেরপুর হয়ে নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা নিয়েও কাজ এগিয়ে চলছে।

বরিশাল বিভাগেও রেল যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙ্গা থেকে বরিশাল, পটুয়াখালী, পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত প্রায় ২০৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রস্তুত করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৪ হাজার কোটি টাকা।

তবে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন জেলাগুলোতে ট্রেন চলাচল শুরু হওয়ার নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব নয়। কারণ সম্ভাব্যতা যাচাই, প্রকল্প অনুমোদন, অর্থায়ন, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, রেলসেবা বঞ্চিত জেলাগুলোকে নেটওয়ার্কে আনতে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। বর্তমানে অধিকাংশ প্রকল্পই সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে। এসব সমীক্ষা শেষ হলে ধাপে ধাপে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রতিদিন চার শতাধিক যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল করে। বছরে প্রায় ১০ কোটি যাত্রী রেলে ভ্রমণ করেন এবং প্রায় এক কোটি টন পণ্য পরিবহন করা হয়। নতুন জেলাগুলো রেল নেটওয়ার্কে যুক্ত হলে যাত্রীসেবা ও পণ্য পরিবহন সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৬-২০৪৫ মেয়াদের রেলওয়ের মহাপরিকল্পনা পুনর্বিবেচনা করা হচ্ছে। নতুন পরিকল্পনায় সময়সীমা বাড়ানোর পাশাপাশি নতুন রেললাইন নির্মাণের সঙ্গে প্রয়োজনীয় লোকোমোটিভ, কোচ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের সমন্বিত পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই পর্যায়ক্রমে দেশের সব ৬৪ জেলাকে জাতীয় রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড নেইমার। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা চলছিল, শেষ পর্যন্ত তাতে ইতি টানলেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজের অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান সান্তোসের এই তারকা ফুটবলার। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচটিই হয়ে থাকল নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

অবসরের ঘোষণা দিলেও জাতীয় দলকে নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

নেইমার বলেন, "ব্রাজিলের হয়ে আমার পথচলা এখানেই শেষ। আমি ইতিহাস গড়েছি, অসংখ্য স্মরণীয় মুহূর্ত পেয়েছি। এই জার্সির জন্য আমি আমার রক্ত, আমার জীবন, সবকিছু উজাড় করে দিয়েছি। সব সময় লড়াই করেছি। কিন্তু এখন বিদায় বলার সময় এসেছে।"

২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। অভিষেক ম্যাচেই করেছিলেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন ১৩১টি ম্যাচ, করেছেন ৮০ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৯টি গোল।

বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিক—ব্রাজিলের হয়ে বড় সব আসরেই প্রতিনিধিত্ব করেছেন নেইমার। দেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জাতীয় দলকে বিদায় জানিয়ে শেষ হলো ব্রাজিলিয়ান ফুটবলের এক গৌরবময় অধ্যায়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনের চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিকে যাচ্ছিল। পথে বেদগ্রাম রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় নসিমনটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে রাজু শেখসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে রাজু শেখ মারা যান।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পেলে-মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পেলে-মেসির রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ফুটবল মাঠে একের পর এক কীর্তি গড়ার পর এবার স্মারকের বাজারেও নতুন ইতিহাস লিখলেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল। তার বিরল ‘ওয়ান-অফ-ওয়ান’ রুকি ট্রেডিং কার্ড নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে। এর মধ্য দিয়ে ফুটবল ট্রেডিং কার্ডের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কার্ডের মালিক হয়েছেন এই স্প্যানিশ তরুণ।

গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডিন আয়োজিত গ্লোবাল ফুটবল নিলামে পানিনির ২০২৩-২৪ ডনরুস ফিফা সিরিজের ‘ব্ল্যাক ওয়ান-অফ-ওয়ান কাবুম’ রুকি কার্ডটি বিক্রির জন্য তোলা হয়। বিশ্বে মাত্র একটি কপি থাকায় শুরু থেকেই সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল কার্ডটি। শেষ পর্যন্ত সেটিই রেকর্ড দামে বিক্রি হয়।

এর আগে ফুটবল ট্রেডিং কার্ডের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ছিল ব্রাজিল কিংবদন্তি পেলের দখলে। তার ১৯৫৮ সালের গ্রেডেড রুকি কার্ড নিলামে বিক্রি হয়েছিল ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে। অন্যদিকে, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ২০২৩-২৪ টপস ক্রোম স্যাফায়ার সিরিজের বিশেষ সংস্করণের একটি কার্ড বিক্রি হয়েছিল ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলারে।

শুধু রেকর্ড গড়া কার্ডই নয়, ইয়ামালের আরও দুটি স্মারকও নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। তার ‘গোল্ড কাবুম’ রুকি কার্ড বিক্রি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১০০ মার্কিন ডলারে। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহৃত তার স্বাক্ষরসংবলিত বার্সেলোনার একটি ম্যাচ-ওয়ার্ন জার্সি বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০০ মার্কিন ডলারে।

সব মিলিয়ে ইয়ামালের তিনটি স্মারক বিক্রি করে নিলামে আয় হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার। অল্প বয়সেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সংগ্রাহকদের কাছেও যে তিনি অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন, সাম্প্রতিক এই নিলাম তারই আরেকটি প্রমাণ।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম